ফেনীতে ট্রাকের চাপায় এসআরবি সদস্য নিহত

জেলা শহরের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর নামক স্থানে সন্দেহভাজন পরিবহন তল্লাশিকালে ট্রাক চাপায় মো. আলমগীর (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।মৃত আলমগীর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে।সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে তিনি ফেনীস্থ এসআরবি ৭ এ প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১ টার দিকে মহাসড়কের ফতেহপুর স্টার লাইন পাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় এসআরবি। এসময় একটি কাভার্ডভ্যানকে দাঁড় করে তল্লাশি চালানোর সময় অপর একটি ট্রাককে থামানোর সংকেত দেয়।এ সময় ওই ট্রাকটি কাভারভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তার বামপাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গর্তে পড়ে যায়।৯৯৯ এর মাধ্যমে অবহিত হয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় মো. আলমগীর ও ট্রাক চালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন ও ট্রাকচালক সজিবকে ভর্তি নেয়।ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান বাসসকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভারভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক মিডিয়া এআরএম মোজাফফর হোসেন বাসসকে বলেন, দায়িত্বপালনরত অবস্থায় গাড়ি চাপায় আমাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে যাবতীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এনএনবাংলা/ইএস
