শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। মামলার তদন্তে ডিবির সহায়তা চাওয়া হয়েছিল বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম রেজা।
এর আগে সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। জনগণ ও প্রবাসীদের জন্য কাজ করতে গিয়ে প্রয়োজনে জীবন দেওয়ার কথাও বলেন তিনি।
বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে বিমানবন্দরে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়।
মামলার এজাহার অনুযায়ী, ওই দিন বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে নির্বাহী পরিচালক ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে রূঢ় আচরণ ও হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে এক নিরাপত্তা সুপারভাইজারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার ভোররাত সোয়া ৩টার দিকে বিমানবন্দর থানায় মামলা করেন বেবিচকের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এনএনবাংলা/
