অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নতুন কোনো যৌথ বাহিনী নয়
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবে। তবে এ জন্য নতুন করে কোনো ‘যৌথ বাহিনী’ গঠন করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই।
দায়িত্বে অবহেলায় ব্যবস্থা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্স’ হিসেবে মামলা করা হচ্ছে।
‘ডিসেম্বর বিজয়ের মাস’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।’
আনসারের নতুন সদর দপ্তর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবার পূরণ হতে যাচ্ছে। এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন একরের বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
এই জায়গায় আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে বলে জানান তিনি।
নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ ‘ফোর্স’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাহিনীর আর্থিকসহ পর্যায়ক্রমিক বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন তিনি।
ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরছে দাবি করে তিনি বলেন, রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত তা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
