সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা

ছবি: নিউ নেশন অনলাইন

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিষয়ে ব্রিফ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়ে গেছে। বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে এবং গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে জানানো হবে।

স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা পদত্যাগের সময় সাধারণত কোনো কারণ উল্লেখ করেন না।

স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখেছেন, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন মিষ্টি। কয়েক মিনিট পর সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন এবং তার সঙ্গে দেখা করেছেন। তবে তখন পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি। পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তদন্তের কথা বলেন এবং জানান, বিএনপির সিদ্ধান্ত যা হবে, তা-ই হবে।

মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তদন্তে মিষ্টির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার মধ্যে বিএনপির সাংগঠনিক পর্যায়েও কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এনএনবাংলা/