কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

কানাডায় অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৩৪০ জন বাংলাদেশি। জাতীয়তা অনুযায়ী বহিষ্কারের সংখ্যায় বাংলাদেশিদের অবস্থান সপ্তম।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব বহিষ্কার কার্যকর করা হয়।
বহিষ্কারে শীর্ষে ভারত
জাতীয়তা অনুযায়ী কানাডা থেকে বহিষ্কারের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিককে এ সময়ে বহিষ্কার করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো—২ হাজার ২৮২ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশিদের সংখ্যা ৩৪০ জন।
শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম ভাঙাই প্রধান কারণ
সিবিএসএর তথ্য অনুযায়ী, বহিষ্কারের সবচেয়ে বড় কারণ ছিল শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম না মানা। এ কারণে প্রথম আট মাসে ১২ হাজার ৫ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য অভিবাসনসংক্রান্ত নিয়ম না মানার কারণে ১ হাজার ৭৯৪ জন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জনকে বহিষ্কার করা হয়েছে। অভিবাসন আবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জন এবং অন্যান্য কারণে ১১৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের ধরনেও রয়েছে পার্থক্য
মোট ১৪ হাজার ৮৯৭ জনের মধ্যে ৮ হাজার ৫৭৭ জনের ক্ষেত্রে বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে। প্রস্থান আদেশ কার্যকর হয়েছে ৩ হাজার ৩০৩ জনের ক্ষেত্রে। আর ৩ হাজার ১৭ জনের ক্ষেত্রে কার্যকর করা হয়েছে বহিষ্কার-নিষেধাজ্ঞা আদেশ।
আগস্টে বহিষ্কার ১,৬২৩ জন
মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে কানাডা থেকে ২ হাজার ৬৫৮ জনকে বহিষ্কার করা হয়। ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১ হাজার ২৭০, মার্চে ১ হাজার ৪৩২, এপ্রিলে ১ হাজার ৯১৭ এবং মে মাসে ২ হাজার ৩৬৯ জন।
জুনে ১ হাজার ৭৯১ জন, জুলাইয়ে ১ হাজার ৮৩৭ জন এবং আগস্টে ১ হাজার ৬২৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার প্রক্রিয়ায় ১,৩৬৮ বাংলাদেশি
সিবিএসএর পরিসংখ্যান অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিকের বহিষ্কার প্রক্রিয়া চলমান ছিল। একই সময়ে পুরো কানাডায় বহিষ্কার প্রক্রিয়াধীন ব্যক্তির সংখ্যা ছিল ৪৯ হাজার ৫৩৬ জন।
বহিষ্কার প্রক্রিয়াধীন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর নাগরিক ৬ হাজার ১০২ জন।
সিবিএসএ জানিয়েছে, কানাডায় বৈধভাবে প্রবেশ বা অবস্থানের অধিকার নেই—এমন বিদেশি নাগরিকদের আইন অনুযায়ী দেশ থেকে অপসারণ করা সংস্থাটির দায়িত্ব। এ ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বহিষ্কার কার্যকর করা হয়।
এনএনবাংলা/
