আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০

রাজধানীর আদাবরে বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে গিয়ে পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় অস্ত্রসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার দিবাগত রাত ২টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, অভিযানকালে একদল দুষ্কৃতকারী ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে শটগান থেকে গুলি ছোড়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, ৬ নম্বর শেখেরটেক এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।
পুলিশের একটি দল রাত আনুমানিক ২টার দিকে ওই এলাকায় পৌঁছে সাত থেকে আটজনকে দেখতে পায়। পরে তাদের ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে বলে জানান ওসি।
আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি
ওসি বলেন, আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে। পরে আহত দুজনসহ চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। আর সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে।
এ ছাড়া গ্রেপ্তার শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা করাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এনএনবাংলা/
