মধ্যরাতে টিকাদান কেন্দ্রে হামলা, দখল নিতে গুঁড়িয়ে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, মুখোশধারী ২৫০ জনের বেশি দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য মালপত্র লুটের পাশাপাশি একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
শুক্রবার সকালে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার এসব তথ্য জানান। তার দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে হামলাকারীরা ক্লিনিকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা স্থাপনাটি দখলে নিয়ে সাধারণ মানুষের প্রবেশে বাধা দেয়।
প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ-ভ্যাকসিন, প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং সেখানে একটি সমিতির সাইনবোর্ড লাগানো হয়।

ডা. নাসরিন আখতার বলেন, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তার দাবি, ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে এবং এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার কারণে ক্লিনিকের সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। আগামীকাল থেকে সেখানে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরুর কথা থাকলেও স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দিয়ে দ্রুত স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডা. নাসরিন আখতার ঘটনাটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এদিকে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/
