ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন

রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ফার্মগেট মেট্রো স্টেশন। একই সন্ধ্যায় পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায়ও আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩৪ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, লাভলী পরিবহনের বাসটিতে যাত্রী ছিলেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বাসে আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফার্মগেট মেট্রো স্টেশন। মেট্রোরেল কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্টেশন চালু করে যাত্রীসেবা শুরু করা হবে।
এদিকে একই সন্ধ্যায় পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
