ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় পৃথক দুটি স্থানে নাশকতার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভাটারার ১০০ ফিট সড়কে একটি স্কুল বাসে আগুন দেওয়ার পাশাপাশি মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঘটনা দুটি ঘটে। সন্ধ্যা ৭টার দিকে স্কুল বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারার ১০০ ফিট সড়কের অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হলুদ রঙের বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্লবীতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।
ঘটনার পর সিআইডি কার্যালয়ে মতিঝিল বিভাগের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এনএনবাংলা/
