সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।
ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত ওই কোম্পানির স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাসন্তানও এই দুর্ঘটনায় মারা গেছেন।
দুর্ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মরদেহ বর্তমানে মদিনার সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের কাছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও স্থানীয় প্রবাসীরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন।
এনএনবাংলা/এফএস
