২৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই রেমিট্যান্সের পরিমাণ ২৪ হাজার ২৮৫ কোটি ১০ লাখ টাকা।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আর আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। ফলে আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
এনএনবাংলা/
