জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। ঝুঁকি এড়াতে আগেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে অন্তত দুটি স্থানে স্প্যাম বা হামলার চিহ্ন পাওয়া যায়।
রোববার (২৫ অক্টোবর) ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হয়নি।
জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে সময় লাগছে। ত্রুটি শনাক্ত করে ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। আশা করা হচ্ছে, আজকের (রবিবার) মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছিল। এসব দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারেন। এর ফলে সার্ভারে থাকা ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
এই সতর্কতার পর বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা চালানো হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না। বরং ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে সম্ভাব্য ঝুঁকির মাত্রা।
এনএনবাংলা/এফএস
