সাম্প্রতিক
Skip to content

শীতের আগাম সবজি বাজারে, কমেছে ডিমের দাম

ছবি: নিউ নেশন অনলাইন

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়তে থাকায় কিছু সবজির দামে কমতির প্রবণতা দেখা দিয়েছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনপ্রতি সর্বোচ্চ ১০ টাকা কমেছে। তবে মুরগি, গরুর মাংস ও মাছের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দামের চিত্র দেখা গেছে।

রাজধানীতে কোন সবজির কত দাম?
বাজারে বর্তমানে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, বেগুন ও কাঁকরোল প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম মুলা ও ঢ্যাঁড়সের দাম কেজিপ্রতি ৭০ টাকা। আগাম শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি এবং টমেটোর দাম ১৪০ টাকা।

এ ছাড়া পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকা। কাঁচা মরিচের দাম মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা
সবজির পাশাপাশি ডিমের দামেও কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি ডজন বাদামি ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চারটি ডিমের দাম পড়ছে ৪৬ টাকা।

তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন মেসার্স আয়নাল ট্রেডার্সের মালিক জয়নাল বলেন, ডিমের দাম প্রতিদিনই ওঠানামা করে। গত সপ্তাহে তিনি বাদামি ডিমের ডজন ১৫০ টাকায়ও বিক্রি করেছেন। সে হিসাবে বর্তমানে বাদামি ডিমের ডজনে ১০ টাকা পর্যন্ত কমেছে।

মুরগি ও গরুর মাংসের দামে পরিবর্তন নেই
রাজধানীর বাজারে মুরগির দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও আগের মতো রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

মাছের বাজারে আগের দামই বহাল
মাছের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, কাতল ৩৫০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রুই ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য মাছের মধ্যে ট্যাংরা প্রতি কেজি ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পোয়া মাছের কেজি ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম প্রকার ও মানভেদে কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি।

এনএনবাংলা/