সাম্প্রতিক
Skip to content

সৌদি আরবে ২ বাংলাদেশির শিরশ্ছেদ ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিরশ্ছেদ হওয়া দুইজন বাংলাদেশির বিষয়ে আর কোনো ডিটেইলস সৌদি কর্তৃপক্ষ জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ইতোমধ্যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়াও সৌদি সরকারকে রায়ের কপি দেয়ার জন্য অফিশিয়ালি চিঠি দেয়া হয়েছে। রায়ের কপিটা পেলেই ডিটেইলস জানা যাবে- কী ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ অক্টোবর) কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি দেশের নিজস্ব আইনি কাঠামো থাকে, সে দেশের জুডিশিয়ারি বা জুডিশিয়াল সিস্টেমে তারা তাদের সিদ্ধান্ত নেয় এবং সেইভাবে কাজ হয়। কিন্তু কোনো বাংলাদেশি নাগরিক এভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়- সেটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। সেই জন্য আমরা চিঠি দিয়েছি, আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, এত টাকা খরচ করে যখন তারা বিদেশে যায়, এইভাবে লাশ হয়ে ফেরত আসা বা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটা- সেটা তাদের পরিবারের জন্য যেরকম দুঃখজনক, আমাদের জন্যও ততটাই দুঃখজনক। সেটা আমরা চাই না, আমরা তা অ্যাড্রেস করছি। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ সবকিছুর একটা প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

শামা ওবায়েদ বলেন, সাধারণত বিভিন্ন সময় যেটা হয়- মিশন বা মন্ত্রণালয় যখন জানতে পারে যে কোনো বাংলাদেশি অভিযুক্ত বা সাজায় দণ্ডিত হয়েছে, তখন আমরা অফিশিয়াল প্রক্রিয়ায় ডিপ্লোমেটিক চ্যানেলে সৌদি সরকারের সাথে কথা বলি। তাদের সঙ্গে কথা বলে দণ্ড মওকুফ করা যায় কি না, বা তাদেরকে মাফ করে দেয়ার কোনো প্রক্রিয়া আছে কি না- তা দেখা হয়। তিনি বলেন, ‘অবশ্যই আমরা অন্য একটি দেশের জুডিশিয়াল সিস্টেমে হস্তক্ষেপ করব না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার দেশের নাগরিকদেরকে বাঁচানোর জন্য যা করা দরকার, সেটা কিন্তু সরকার সম্পূর্ণ করে যদি আমরা জানতে পারি।’

এনএনবাংলা/এনজেড