২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সূচি জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বুধবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর রিয়াদ রুটের অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জেদ্দা রুটেও নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছেড়ে যাবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবের এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচির বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/
