সাম্প্রতিক
Skip to content

পলাতক স্বৈরাচার অর্থ দিচ্ছে, দেশে অস্থিরতা করছে আরেক দল: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পলাতক স্বৈরাচার সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, আর সেই অর্থে দেশের ভেতরে আরেকটি দল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা এবং টিকিট বিক্রির চেষ্টা করা একটি দলের সঙ্গে পলাতক স্বৈরাচারের পক্ষ এক হয়েছে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনা, বন্ধ কলকারখানা চালু করা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগে বাধা দিতে কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। জনগণের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

৩৮ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা

অনুষ্ঠানে ১৫টি চিনিকল এলাকার ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কৃষকদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হয়।

তারেক রহমান বলেন, সরকার গঠনের সাত দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক, ফসলের বিমা, সহজে ব্যাংকঋণ এবং আবহাওয়ার তথ্যসহ প্রায় ১০ ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

উপজেলা হাসপাতালে শয্যা বাড়ানোর পরিকল্পনা

প্রধানমন্ত্রী জানান, প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গ্রামীণ জনগোষ্ঠী উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া হৃদ্‌রোগের চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানোর ফলে আগে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ের কিছু সরঞ্জামের দাম কমে ৬০ হাজার থেকে ৬৫ হাজার টাকায় নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে সামরিক বিমানে রাজশাহী পৌঁছান তারেক রহমান। বিকেলে আখচাষিদের প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ৩০ মিনিট বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এনএনবাংলা/