সাম্প্রতিক
Skip to content

গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

ছবিঃ সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের সরকারি গাড়ি থেকে লোগো খুলে ফেলেছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় এ কাজটি করেন তিনি।

এ সময় ইশরাক গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্তে নয়, বিশেষ কারণে নিজেই পদত্যাগ করছেন। তবে, মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

এ সময় ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, তাই নিজে থেকেই পদত্যাগ করছি।’

তিনি বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

এর আগে আজ সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লিখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

ইশরাক বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রোববার (১৮ অক্টোবর) দিনভর তা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল। এ নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।

সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এনএনবাংলা/এফএস