সাম্প্রতিক
Skip to content

শুভকে জড়িয়ে চমকের বিয়ের গুঞ্জন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করে ভক্তদের মাঝে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের সাজে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ তাঁর এই একটি পোস্টেই রীতিমতো রহস্যের জাল তৈরি হয়েছে নেট দুনিয়ায়।

তবে চমকের এই পোস্টে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, শুভর সঙ্গে বেশ হাসিখুশি ও আমুদে মেজাজে সময় কাটাচ্ছেন চমক। একটি ছবিতে শুভকে পরম যত্নে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে।

হঠাৎ করে এই দুই তারকাকে এমন রূপে দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেই বিষয়টিকে তাদের নতুন কোনো নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচারণার অংশ হিসেবে দেখছেন। আবার অনেকের মনে উঁকি দিচ্ছে অন্য কোনো সমীকরণ।

আসলেই কি তারা নতুন কোনো বন্ধনে জড়ালেন, নাকি এটি স্রেফ শুটিংয়ের দৃশ্য—তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এই কৌতূহল প্রসঙ্গে রহস্য জিইয়ে রেখে চমক গণমাধ্যমকে বলেন, “আপাতত এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে এটুকু বলি, সুখবর তো অবশ্যই আছে! অল্প কিছুদিনের মধ্যেই সবাইকে বিস্তারিত জানাব”।

অন্যদিকে এই গুঞ্জন বা ছবি প্রসঙ্গে অভিনেতা আরিফিন শুভর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে ২০২৪ সালের জুন মাসে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুকাইয়া জাহান চমক। ফলে শুভর সঙ্গে তাঁর এই সাম্প্রতিক ছবিগুলো স্রেফ পেশাগত কাজের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করছেন ভক্তরা। এখন দেখার বিষয়, চমকের এই ‘সুখবর’ আসলে কী!

এনএনবাংলা/ইএস