অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি

অসুস্থতার কারণে প্রায় নয় মাস ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বর্তমানে চিকিৎসা চললেও আগের তুলনায় শারীরিকভাবে ভালো বোধ করায় আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলতি মাসেই কাজে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তানিয়া বৃষ্টি ।
শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। সেখানে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস চিকিৎসা চলার পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসক সিদ্ধান্ত জানাবেন।
শুটিংয়ে ফেরার পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, চলতি মাসেই কাজ শুরু করতে চান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
দীর্ঘ সময় কাজের বাইরে থাকার কারণও জানান অভিনেত্রী। তিনি বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারেননি। এখনও পুরোপুরি সুস্থ নন, তবে আগের সময়ের তুলনায় বর্তমানে অনেকটাই ভালো আছেন।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, যারা তাকে ভালোবাসেন, সমর্থন করেন এবং তার কাজের অপেক্ষায় থাকেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিতে চান তিনি। এত মানুষ যদি তাকে আবার কাজ করতে চান, তাহলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন বলেও জানান।
নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ রয়েছে তানিয়া বৃষ্টির। রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে আরও রয়েছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।
এনএনবাংলা/ইএস
