দুই থেকে তিনে শোভন-সোহিনী! ঘরে ছেলে এল না মেয়ে?
শোভন গাঙ্গুলি এবং সোহিনী সরকারের সংসার দুই থেকে বেড়ে তিন হল। ভূমিষ্ট হয়েছে তাঁদের প্রথম সন্তান। ছেলে হল না মেয়ে?
রবিবার দুপুরে এল সুখবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ ভাবে পোস্ট করে সন্তান আসার খবর জানালেন সোহিনী এবং শোভন। তাঁদের পুত্র সন্তান হয়েছে। সেই ঘোষণা করে এদিন একটি ছবি পোস্ট করেন তাঁরা, সেখানে দেখা যাচ্ছে একটি শিশুর পায়ের ছাপ, সঙ্গে লাভ সাইন এবং গাছের ছায়া। লেখা, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/৯/২০২৬।’
সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি এদিন তাঁদের সন্তান আসার সুখবর দিতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। বাদ যাননি তাঁদের সহকর্মীরাও। ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, রণিতা দাস, দর্শনা বণিক, প্রমুখ মন্তব্য করেছেন। মা এবং সন্তান দু’জনের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। সাধের দিন সোহিনী সরকার লাল রঙের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে পরেছিলেন বিয়ের গয়না। হালকা সাজ, চন্দনের কল্কা, মেহেন্দিতে সেজে উঠেছিলেন তিনি। গলায় ছিল জুঁই ফুলের মালা। স্ত্রীর পাশে গোলাপি পাঞ্জাবি, সাদা পায়জামা দেখা গিয়েছিল শোভন গাঙ্গুলিকে।
১৫ জুলাই সোহিনী এবং শোভন, তাঁদের বিবাহবার্ষিকীর দিন সন্তান আসার খবর দেন। অভিনেত্রী সেদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই দেখা যায় তাঁর পরনে সাদা কুর্তি, কানে গোঁজা গোলাপি ফুল। বেবি বাম্প স্পষ্ট। সঙ্গে রয়েছেন শোভনও। তাঁর পরনে নীল সাদা চেক পঞ্জাবি। ছবিগুলো পোস্ট করে সোহিনী সরকার লেখেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে… আমরা দুই থেকে তিনের পথে…’ (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
২০২৪ সালের ১৫ জুলাই নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হয় সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলির। তাঁদের বিয়ের সাজ থেকে বিয়ের মুহূর্ত দারুণ ভাইরাল হয়েছিল। বেশ কয়েক বছর প্রেম করার পর তার হাত এক হয় সোহিনী-শোভনের। বিয়ের পর তাঁদের সুখী দম্পতি হিসেবেই চেনে টলিপাড়া। গর্ভাবস্থাতেও কাজ করে গিয়েছেন সোহিনী সরকার। করেছেন ছবির প্রচার, শুটিং। তাঁকে আগামীতে দেখা যাবে উইন্ডোজ প্রোডাকশন হাউজের পুজোর ছবি ‘বহুরূপী ২’, অর্থাৎ ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে। তাঁর বিপরীতে সেখানে থাকবেন যিশু সেনগুপ্ত। এনএনবাংলা/এনজেড
