অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার দ্রুত বিচার, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যার বিচার দাবি করেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৩ বছরের অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার বিষয়ে দ্রুত ও স্পষ্ট তথ্য প্রকাশ করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মহাসড়ক ছেড়ে চলে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়েছে।
এনএনবাংলা/এফএস
