সীতাকুণ্ডে লরি-মিনিবাস সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, সড়ক ও রেলপথ অবরুদ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় মিনিবাস উল্টে নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন এবং সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পড়ে। এ সময় মাইশাসহ আরও কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) কর্তৃপক্ষ আজকের দিনের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। অন্যদিকে, ঘাতক লরি ও চালককে শাস্তির আওতায় আনা এবং মহাসড়কে নিরাপদ যাতায়াতের দাবিতে শিক্ষার্থীরা সড়ক ও রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক সচল করার চেষ্টা চালাচ্ছে।
এনএনবাংলা/ইএস
