এইচ-১বি ফি নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

দক্ষ পেশাজীবীদের জন্য বহুল ব্যবহৃত এইচ-১বি অ-ইমিগ্রান্ট ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার নির্বাহী আদেশ আরও এক বছরের জন্য বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফির বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন।
ডোনাল্ড ট্রাম্পদীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন। এ ভিসার সাধারণ ফি ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে। সেটি স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান ট্রাম্প। তবে তার এ উদ্যোগ নিয়ে আইনি লড়াই চলছে।
গত জুনে বোস্টনের একটি আপিল আদালত এক ফেডারেল বিচারকের দেওয়া রায় পর্যালোচনা করছেন। ওই বিচারক ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ফিকে বেআইনি ঘোষণা করেন এবং তা আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই ফি এর বিরুদ্ধে আলাদা মামলা করেছে। সেই মামলাটিও আপিল আদালতে বিচারাধীন।
উল্লেখ্য, ট্রাম্পের ফি বাড়ানোর প্রাথমিক আদেশটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এবং চলতি মাসেই সেটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এই আদেশটি সেইসব বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না যারা ইতোমধ্যে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন (যারা নতুন এইচ-১বি প্রাপ্তদের একটি বড় অংশ গঠন করেন) কিংবা বর্তমান ভিসা নবায়নের ক্ষেত্রেও এটি প্রযোজ্য ছিল না।
এনএনবাংলা/এফএস
