সাম্প্রতিক
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২,০৬০ টাকা বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে ঘরের মধ্যে মুড়ির প্যাকেট বিস্ফো’রণ, জামায়াত নেতা আহত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃত্যু ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ভোরে উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
Skip to content

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের রিপাবলিকান, এগিয়ে ডেমোক্র্যাটরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা আটকে দেয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে ডেমোক্র্যাটরা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ওহাইও, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে থাকার বাকি দুই বছর কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য কেমন থাকবে, তা নির্ধারণ করবে এই নির্বাচন।

প্রাথমিক ফলাফলে রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এতে ওয়াশিংটনে ট্রাম্পের নিয়ন্ত্রণ বড় ধাক্কা খেতে পারে এবং প্রেসিডেন্ট হিসেবে তার বাকি মেয়াদে ক্ষমতা সীমিত হয়ে আসতে পারে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির ভোট গণনা হচ্ছে। এর মধ্যে ৯টি আসনের ফল পাওয়া গেছে। ডেমোক্র্যাটরা সবমিলিয়ে পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানদের আসন ৩১টি। প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ৫২টি আসনের ফল এসেছে। ডেমোক্র্যাটরা পেয়েছেন ৩৬টি আসন, আর রিপাবলিকানরা ১৬টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮টি আসন প্রয়োজন।

অন্যদিকে আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ৪৩টি আসনে জয়ী হয়েছেন, আর রিপাবলিকানরা পেয়েছেন ১৯টি আসন। এ ছাড়া ডেমোক্র্যাটরা ৯৯টি আসনে এবং রিপাবলিকানরা ৬৯টি আসনে এগিয়ে রয়েছেন। এখনো ২০৫টি আসনের ফল অপেক্ষমাণ। আর সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪৩টি আসন, আর রিপাবলিকানরা ৩২টি। ডেমোক্র্যাটরা আরও ৭টি আসনে এবং রিপাবলিকানরা ৬টি আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১২টি আসনের ফল এখনো আসেনি। সংখ্যাগরিষ্ঠতা পেতে সিনেটে ৫১টি আসন প্রয়োজন।

প্রাথমিক ফলের পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের নির্বাচনে যুক্ত রিপাবলিকান পার্টির (জিওপি) কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটদের জন্য ভালো ফল হতে পারে। জর্জিয়ায় এক রিপাবলিকান কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, অঙ্গরাজ্যজুড়ে ভোটার উপস্থিতি নিয়ে বেশ কয়েকটি রিপাবলিকান প্রচারশিবির উদ্বিগ্ন। গুরুত্বপূর্ণ সিনেট ও গভর্নর নির্বাচনের ফল যখন অনিশ্চিত, তখন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জয় নিশ্চিত করার মতো ভোট তারা পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা আটকে দেয়ার ক্ষমতা পাবে ডেমোক্র্যাটরা। পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে পারবে তারা। সিনেটেও পরাজিত হলে সুপ্রিম কোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ দেয়ার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা হুমকির মুখে পড়বে।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রিপাবলিকানদের প্রতি জনমত দ্রুত নেতিবাচক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের ফলকে ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর দেশজুড়ে এক ধরনের মূল্যায়ন বা গণভোট হিসেবেও দেখা হচ্ছে।

এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধি পরিষদে মাত্র তিনটি আসন বাড়াতে পারলেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের চারটি আসন বাড়াতে হবে। এতে দুই কক্ষই রিপাবলিকানদের হাতছাড়া হতে পারে।

অবশ্য সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ডেমোক্র্যাটদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে ক্ষুব্ধ জনমতের কারণে একসময় নির্ভরযোগ্যভাবে রক্ষণশীল হিসেবে পরিচিত কানসাস, টেক্সাস, আইওয়া, ওহাইও ও আলাস্কার মতো অঙ্গরাজ্যেও প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে মিশিগানসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ধরে রাখার চ্যালেঞ্জও রয়েছে ডেমোক্র্যাটদের। মিশিগানে দলের অভ্যন্তরীণ তিক্ত বিরোধের জেরে কংগ্রেসওম্যান হেইলি স্টিভেনস ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের বদলে রিপাবলিকান মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন।

ডিসিশন ডেস্ক এইচকিউর চূড়ান্ত পূর্বাভাসে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৪১টি এবং রিপাবলিকানরা ১৯৪টি আসন পেতে পারে। সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা হতে পারে আরও কম ব্যবধানে—৫২-৪৮।

এনএনবাংলা/এনজেড