সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ: কংগ্রেসের নিয়ন্ত্রণে মহারণ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আজ অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অন্যদিকে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরইমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

এদিকে ভোটের আগে প্রকাশিত একাধিক জরিপে কংগ্রেসের নিয়ন্ত্রণ এবং প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মদক্ষতা নিয়ে নেতিবাচক মনোভাব এবং নির্বাচনে অংশ নেয়ার বাড়তি উৎসাহ ডেমোক্র্যাটদের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখছে বলে জরিপগুলোতে উঠে এসেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন এবারের নির্বাচনে ভোটারদের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের ভোটারদেরই উদ্বেগ থাকলেও অর্থনীতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে বলে সাম্প্রতিক জরিপগুলোতে উঠে এসেছে।

গত রোববার প্রকাশিত এনবিসির এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে ৭৫ শতাংশ উত্তরদাতা অসন্তুষ্ট। আর নিজেদের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৫১ শতাংশ।

এছাড়া গত অক্টোবরে পরিচালিত অন্যান্য জরিপেও দুই দলের ভোটারদের আর্থিক অবস্থা এবং তাদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ—তার চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে অর্থনীতিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তবে স্বাস্থ্যসেবা, অভিবাসন ও অপরাধের মতো বিষয়গুলোর গুরুত্ব নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে পার্থক্য রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত এক জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৮৪ শতাংশ মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে তাদের ভোট দেয়ার ক্ষেত্রে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপাবলিকান প্রার্থীদের পছন্দ করেন এমন ভোটারদের ৮২ শতাংশের কাছে এটি ছিল প্রধান ইস্যু। ডেমোক্র্যাটদের সমর্থকদের মধ্যে এই হার ৮৮ শতাংশ।

প্রসঙ্গত, মধ্যবর্তী নির্বাচন মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার নির্বাচন। এতে ক্ষমতার পালাবদল কিংবা পরিবর্তন হবে না। মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের প্রতিটিতে আর সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ভোট হচ্ছে ৩৫টিতে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন হবে।

বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন স্থানীয় পদের জন্যও এদিন ভোট দেবেন মার্কিন নাগরিকরা। অবশ্য যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সবাই ভোটার নন। নির্বাচনে ভোট দিতে হলে নিবন্ধন করতে হয়। এবার নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ইতোমধ্যেই আগাম ভোট দিয়েছেন।

এনএনবাংলা/এনজেড