লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিকের সন্ধানে নেমেছে দেশটির পুলিশ। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে লন্ডন পুলিশ।
লন্ডন নগর পুলিশের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার।
দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় যাতায়াত ও যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যেই আত্মগোপনে আছেন এবং জাহিদুল হাসান জাইগিরদার পালিয়ে বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।
তদন্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের আগস্টে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত দুজন ওই কিশোরীকে হোয়াইটচ্যাপেল রোড থেকে ফুসলিয়ে উইভার্স ফিল্ডস নামের একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে এক পথচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত কিশোরীকে দেখতে পেয়ে সহায়তায় এগিয়ে আসেন।
তদন্তে অগ্রগতির পর গত ১৮ সেপ্টেম্বর জনসাধারণের কাছে তথ্য চেয়ে আবেদন জানায় পুলিশ। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিললেও, আবেদন প্রকাশের দিনই দুই অভিযুক্ত গা-ঢাকা দেন। তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আনা ডেইটন জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অনুসন্ধানের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হচ্ছে।
দুই অভিযুক্তের ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, তাদের খুঁজে বের করতে ব্যাপকভাবে চেষ্টা চালানো হচ্ছে। তাদের অবস্থান, যাতায়াত কিংবা পরিচিতদের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইমস্টপার্স দুই অভিযুক্তের সন্ধান পেতে তথ্যদাতাদের জন্য মোট ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।
সংস্থাটির লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও বেদনাদায়ক আক্রমণের শিকার হয়েছে। ঘটনার জন্য দায়ী বলে অভিযুক্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও, তাদের অবস্থান খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তির অবস্থান সম্পর্কে কারও কাছে সামান্য কোনো তথ্য থাকলেও তা সংস্থাটিকে জানানো যেতে পারে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এনএনবাংলা/এফএস
