পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

পাবনার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, কয়েকজন কিশোর ও তরুণ সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে তারা বিলে থাকা একটি মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের, চৌকি ছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বজ্রপাতে নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।
তিনি আরও জানান, বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা কিশোর ও তরুণ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারবেন।
এনএনবাংলা/
