সাম্প্রতিক
Skip to content

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৮ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০-১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

এনএনবাংলা/এফএস