৭ দিনের রিমান্ডে ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন

চট্টগ্রামের বহুল আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পৃথক দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। সিএমপির বাকলিয়া থানার একটি ডাবল মার্ডার মামলায় ৫ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ মার্চ চকবাজার চন্দনপুরা এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে বখতেয়ার হোসেন মানিক ও মো. আবদুল্লাহ নামের দুজনকে হত্যা করা হয়। বাকলিয়া থানার এই জোড়া খুন মামলায় ডেভিড ইমনকে অন্যতম প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানার মামলাটি সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ড সংক্রান্ত।
উল্লেখ্য, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। এর আগে গত ২৯ জুলাই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এনএনবাংলা/ইএস
