ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ

আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। এ নির্বাচন ঘিরে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ১১৫টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টি ঝুঁকিপূর্ণ। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বিশেষায়িত নিরাপত্তা দল, ড্রোন, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
বুধবার (২৮ অক্টোবর) পুলিশ ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা-সংক্রান্ত এ তথ্য প্রকাশ করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ১১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ঝুঁকিপূর্ণ। রুহিয়া উপজেলায় ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল। নিরাপত্তা কার্যক্রমে ড্রোন, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনএনবাংলা/
