সাম্প্রতিক
Skip to content

‘এক জুনিয়রের ডাকে বের হয়ে আর ফিরে আসেননি তাহসিফ’

ছবিঃ সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় জুনিয়র এক সহকর্মীর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন। যাওয়ার আগে মাকে জানিয়েছিলেন, একটু কথা বলে ফিরে আসবেন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার।

রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো মেসেজ পাঠান, ‘আম্মু, আমি আসছি।’ পরদিন সন্ধ্যার আগে পরিবার জানতে পারে, রাজধানীর উত্তরার রাজাবাড়ি ঘাটে নদীতে তার মরদেহ পাওয়া গেছে। এসব তথ্য জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, নিখোঁজ হওয়ার দিন প্রায় সারা দিন মায়ের সঙ্গে ছিলেন তাহসিফ। মা-বাবার জন্য কেনাকাটাও করেছিলেন। সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়র বাসার নিচ থেকে ডাকলে মাকে বলে বাইরে যান তিনি। এরপর পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।

তাহসিফের বাবা আরও জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময়ে আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।

তিনি বলেন, ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে নিচে বের হয়ে আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের দেওয়া তথ্যে ছেলের মরদেহের সন্ধান পান তারা।তাহসিফের বাবা আরও জানান, রাজাবাড়ী ঘাট এলাকায় তার ছেলে এর আগে কখনো যাননি।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, তাহসিফের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা রয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।

এনএনবাংলা/ইএস