সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

ফাইল ছবি

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছেন তার বাবা এ কে এম এনায়েতুল করিম। তার দাবি, তাহসিফ সাঁতার জানতেন এবং পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করে সনদও অর্জন করেছিলেন। তাই তাকে ধাওয়া করার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার যে তথ্য পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বন্ধু শাহরিয়ার দীপ দিয়েছেন, তা বিশ্বাস করতে পারছেন না তিনি। বরং মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে আশঙ্কা করছেন তাহসিফের বাবা।

শুক্রবার (৩০ অক্টোবর) দীপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এসব কথা বলেন এ কে এম এনায়েতুল করিম।

তিনি বলেন, ‘না না, এ ধরনের কিছু হতে পারে না। কেন তাকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

ঘটনা আড়াল করা কিংবা কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। তো আর ওকে ধাওয়া দেবে কেন লোকজন, কেন তাকে কেউ ধাওয়া দেবে? ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।’

এর আগে তাহসিফ নিখোঁজ হওয়ার ঘটনায় তার ছোট ভাইতুল্য বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থলে) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর আমি পালিয়ে আসি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

এনএনবাংলা/