সাম্প্রতিক
Skip to content

নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরের মাছঘাটে ১ হাজার টন ইলিশ, বেশির ভাগই ছোট, নরম ও পচা

চাঁদপুরের মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ছবি: সংগৃহীত

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরার অনুমতি মিলতেই চাঁদপুরের মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালেই চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বিক্রির জন্য এসেছে প্রায় এক হাজার টন ইলিশ। তবে বিপুল পরিমাণ মাছের মধ্যে প্রায় ৭০ শতাংশই নরম, পচা ও আকারে ছোট। এসব ইলিশের একটি বড় অংশ এসেছে ভোলা ও নোয়াখালীর হাতিয়া থেকে।

শুক্রবার সকাল ১০টার দিকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায়, ট্রাক ও মাছ ধরার ট্রলার থেকে ইলিশ নামিয়ে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। মাছ বহনকারী ব্যক্তিরা জানান, ভোর থেকেই ভোলা ও হাতিয়া থেকে এসব ইলিশ চাঁদপুরে আনা হয়েছে।

ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব মাছের অনেকগুলোই চার থেকে পাঁচ দিন আগে ধরা হয়েছিল। নিষেধাজ্ঞা চলাকালে বিক্রি করতে না পারায় সেগুলো ট্রলারে কিংবা নিরাপদ স্থানে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সেসব মাছ বাজারে আনা হয়েছে। এ কারণে অনেক ইলিশের মান ভালো নেই। এসব মাছ প্রতিমণ ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ৩৭৫ থেকে ৪০০ টাকা।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই চাঁদপুর মাছঘাটে প্রায় এক হাজার টন ইলিশ এসেছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ চাঁদপুরের পদ্মা-মেঘনার। বাকি ৭০ শতাংশ এসেছে নোয়াখালীর হাতিয়া ও ভোলা থেকে। নরম ইলিশগুলোর বেশির ভাগই নিষেধাজ্ঞার সময় নদী ও সাগর থেকে ধরে মজুত করা হয়েছিল। ওই সময়ে বরফের সরবরাহ না থাকায় মাছের মান নষ্ট হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন নদীতে নেমে ভালো পরিমাণ ইলিশ পেয়ে সন্তুষ্ট জেলেরা। রাত থেকে ভোর পর্যন্ত নদীতে জাল ফেলে ১২ হাজার টাকার ইলিশ পেয়েছেন জেলে লিটন তপাদার। তিনি জানান, অন্য সময়ের তুলনায় এবার কিছুটা বেশি ইলিশ পেয়েছেন। এভাবে মাছ পাওয়া গেলে কয়েক দিনের মধ্যেই ঋণ পরিশোধ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, সাতজন মিলে মধ্যরাতে মেঘনা নদীতে মাছ ধরতে যান জেলে আবুল কালাম। তাদের জালে ধরা পড়া ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী আকবর হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন ভালো পরিমাণ ইলিশ ধরা পড়েছে। বাজারে পদ্মা-মেঘনার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার টাকা। অন্যদিকে, সাগরের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকায়। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ছোট ইলিশের কেজি ৬০০ টাকা।

এনএনবাংলা/