সাম্প্রতিক
Skip to content

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

ছবি: ইন্টারনেট

পিএইচপির নিরাপত্তা দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় হালনাগাদ না করায় সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে দেশের শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএমইউ) শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কায় এর আগে দেশের হাজারের বেশি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে রয়েছে। এর বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানের হলেও সরকারি ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও রয়েছে এ তালিকায়।

ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, জাতীয় বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সাপোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল।

এসব ওয়েবসাইটে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, নিবন্ধন, একাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রাতিষ্ঠানিক উপাত্ত সংরক্ষিত থাকতে পারে। ফলে নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হলে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত এসব ওয়েবসাইট থেকে তথ্য চুরি বা ফাঁসের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পিএইচপির পুরনো বা অসমর্থিত সংস্করণ ব্যবহার করলে ওয়েবসাইট ও সার্ভারে অননুমোদিত প্রবেশের ঝুঁকি বাড়ে। এমন দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা সার্ভারে ক্ষতিকর কোড চালানো কিংবা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারে।

এর আগে পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা জারি হয়। ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্সের তথ্য অনুযায়ী, দুর্বলতার বিষয়টি প্রকাশ্যে আসার প্রথম ১০ ঘণ্টায় হামলার চেষ্টা কয়েক মিলিয়নে পৌঁছায়। এ পরিস্থিতিতে বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট।

সংস্থাটির পরামর্শ অনুযায়ী, ইন্টারনেটের সঙ্গে সরাসরি যুক্ত সার্ভারগুলোকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা হালনাগাদ করতে হবে। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সেবা সাময়িক বন্ধ বা প্রবেশাধিকার সীমিত করার পাশাপাশি সার্ভারের লগ পরীক্ষা করতে হবে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা গণমাধ্যমকে বলেছেন, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সময়মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে সতর্ক না করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ফাঁসের ঝুঁকি কমানো এবং ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

এনএনবাংলা/