সাম্প্রতিক
Skip to content

কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ মেনে বিপদে তিন পর্বতারোহী

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট শাস্তায় পাহাড়ে ওঠার পরিকল্পনায় গুগলের এআই সেবা জেমিনাইয়ের পরামর্শ নিয়ে বিপদে পড়েছিল তিন তরুণ। পথ হারিয়ে পাহাড়ে রাত কাটাতে হয়েছে তাদের।

পরে তাদের উদ্ধার করেন বন বিভাগের উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। সিসকিউ কাউন্টি শেরিফের দপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শিকাগো ট্রিবিউন।

তারা তিনজনই ক্যালিফোর্নিয়ার রোজভিলের বাসিন্দা। গত ২৯ আগস্ট তারা মাউন্ট শাস্তার ক্লিয়ার ক্রিক ট্রেইলহেড থেকে যাত্রা শুরু করেন।

তাদের পরিকল্পনা ছিল প্রায় আট ঘণ্টার মধ্যে অভিযান শেষ করার। এই পরিকল্পনায় তারা গুগল জেমিনি, ইউটিউব ও অলট্রেইলসের সহায়তা নিয়েছিলেন।
পরদিন ভোর ৩টার দিকে প্রায় ৮ হাজার ৪০০ ফুট উচ্চতায় তৈরি করা ক্যাম্প থেকে চূড়ার উদ্দেশে রওনা দেন তারা। কিন্তু তাদের নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগে।

শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টার দিকে তারা মাউন্ট শাস্তার চূড়ায় পৌঁছান। তিনজন চূড়ায় পৌঁছানোর পর অন্ধকারেই নামতে শুরু করেন। নামার প্রায় এক ঘণ্টা পর পথ নিয়ে সমস্যায় পড়েন তারা। দিকনির্দেশনার জন্য সিসকিয়ু কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোনও করেন। কিন্তু পরে নির্ধারিত পথ থেকে সরে গিয়ে মাড ক্রিক ক্যানিয়নের দিকে চলে যান।

কিছুক্ষণ পর দলের একজন পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান। মাড ক্রিক ক্যানিয়নে তিনজনই রাত কাটাতে বাধ্য হন। তখন তারা ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন।

উদ্ধার অভিযানও সহজ ছিল না। প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে উদ্ধারের দুটি চেষ্টা ব্যর্থ হয়। পরদিন সকালে বন বিভাগের উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর জানা যায়, অভিযানের প্রস্তুতিতে তারা এআইয়ের ওপর অনেকটাই নির্ভর করেছিলেন। বিশেষ করে খাবার ও পানি কতটা নিতে হবে, সে বিষয়েও এআইয়ের পরামর্শ নিয়েছিলেন। এআই তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার ও পানি সঙ্গে নিতে পরামর্শ দিয়েছিল। তিন তরুণের পরিকল্পনা ছিল প্রায় ৮ ঘণ্টার মধ্যে পাহাড়ে ওঠা ও নামা শেষ করা। কিন্তু শেষ পর্যন্ত তাদের অভিযান কয়েক দিনের ঘটনায় পরিণত হয়।

ভবিষ্যতে পাহাড়ে যাওয়ার আগে স্থানীয় রেঞ্জারদের কাছ থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় শেরিফের কার্যালয় ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে শুধু এআইয়ের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে।

এনএনবাংলা/এফএস