১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্ব রেকর্ডের চেয়েও কম সময়ে দৌড় শেষ করে চমকে দিয়েছে একটি চীনা হিউম্যানয়েড রোবট। শনিবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের বাছাইপর্বে ‘তিয়াংগং আল্ট্রা’ নামের রোবটটি মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে।
রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। আয়োজকদের তথ্য অনুযায়ী, দৌড়ের শুরুতে পিছিয়ে থাকলেও শেষদিকে ‘লাইটনিং’ নামের আরেক রোবটকে পেছনে ফেলে জয় পায় তিয়াংগং। লাইটনিং তৈরি করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। ১০০ মিটার শেষ করতে লাইটনিংয়ের সময় লাগে ৯ দশমিক ৪৭ সেকেন্ড।
লাইটনিংয়ের সময়ও উসাইন বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়ে কম। ২০০৯ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বোল্ট ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
তবে রোবটগুলোর দৌড়ে মানুষের মতো নিখুঁত কৌশল বা নিয়ন্ত্রণ দেখা যায়নি। দৌড় শেষ করার পর থেমে যাওয়ার পরিবর্তে তারা ফিনিশিং ম্যাটে গিয়ে ধাক্কা খায়। তিয়াংগং নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক ছুটে ট্র্যাকের সীমানায় গিয়ে পড়ে। এ সময় নিরাপত্তার কারণে দর্শকদেরও সরে যেতে হয়। অন্যদিকে, দৌড় শেষে পড়ে যাওয়া লাইটনিং রোবটটিকে স্ট্রেচারে করে সরিয়ে নেন আয়োজকরা।

বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের বাছাইপর্বে অংশ নেওয়া রোবট। ছবি: সংগৃহীত
এবারের আসরে হিউম্যানয়েড রোবটগুলোর দৌড়ের গতি ও পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। গত বছর অনুষ্ঠিত প্রথম আসরে ১০০ মিটার দৌড়াতে তিয়াংগংয়ের সময় লেগেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। অর্থাৎ এক বছরের ব্যবধানে রোবটটির দৌড়ের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এদিকে, চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এবারের প্রতিযোগিতার আগে একটি প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ১০০ মিটার দৌড় শেষ করেছিল মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে।
শুধু ১০০ মিটার দৌড়েই নয়, চলতি বছরের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনও জিতেছে লাইটনিং। ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শেষ করতে রোবটটির সময় লাগে ৫০ মিনিট ২৬ সেকেন্ড। এই গতি মানুষের পুরুষ বিভাগের হাফ-ম্যারাথনের বিশ্ব রেকর্ডের গতির চেয়েও বেশি।
এনএনবাংলা/

