ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স

দেশে ইন্টারনেট ব্যবহার বাড়লেও ধীরগতি, ঘন ঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও গ্রামাঞ্চলে দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যাহত হচ্ছে ডিজিটাল লেনদেন ও ই-কমার্স কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহক এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইনভিত্তিক ব্যবসা।
সরকারি হিসাব অনুযায়ী, দেশের পুরো এলাকা ফোর-জি ইন্টারনেটের আওতায় এলেও এখনো প্রায় ৪০ দশমিক ৮ শতাংশ মানুষ ইন্টারনেটের বাইরে। গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ শতাংশের বেশি বাড়লেও সেবার মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সেপ্টেম্বরের জরিপ অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে ১০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৭তম। অন্যদিকে ব্রডব্যান্ডের গতিতে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৯৯তম স্থানে।
সংশ্লিষ্টদের মতে, দুর্বল ইন্টারনেট অবকাঠামো ডিজিটাল অর্থনীতির বিকাশে বাধা সৃষ্টি করছে। এর প্রভাব পড়ছে বিনিয়োগ, রপ্তানি, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবায়।
সম্প্রতি বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যাটলাস ২০২৬: দ্য আনফিনিশড ডিজিটাল রেভল্যুশন—এক্সপ্যান্ডিং ইন্টারনেট অ্যাকসেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ইন্টারনেট উৎপাদনশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে ইন্টারনেটের গতি ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গ্রামাঞ্চলে নেটওয়ার্কের মান উন্নয়ন এবং সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করা গেলে অনলাইন ব্যবসা, ডিজিটাল লেনদেন ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে।
এনএনবাংলা/
