সাম্প্রতিক
Skip to content

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি: ইন্টারনেট

২০২৭ সালের পবিত্র রমজান মাস, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালন শেষে ৯ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর।

কাজাখস্তানের সংবাদ সংস্থা কাজইনফর্মের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, পবিত্র শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে, অর্থাৎ ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে। এ ছাড়া শবে বরাতের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি দিবাগত রাত।

২০২৭ সালের ইসলামি ধর্মীয় উৎসব ও গুরুত্বপূর্ণ দিবসগুলোর সম্ভাব্য তারিখও জানিয়েছে দেশটির মুসলিমদের ধর্মীয় প্রশাসন।

২০২৭ সালের দুই ঈদের সম্ভাব্য তারিখ
সূচি অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ। অন্যদিকে, ঈদুল আজহা পালিত হবে ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন। ঈদুল আজহার আগের দিন, ১৫ মে, পবিত্র আরাফাতের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যান্য ইসলামি দিবসের সম্ভাব্য তারিখ
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৪ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হওয়ার কথা রয়েছে। এরপর ২২ জানুয়ারি দিবাগত রাতে পালিত হতে পারে শবে বরাত।

এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্টের মধ্যবর্তী সময়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। একই বছরের ২৪ ও ২৫ ডিসেম্বরের মধ্যবর্তী রাতেও শবে মেরাজের আরেকটি তারিখ সূচিতে দেওয়া হয়েছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ
কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, ইসলামি ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী ঘোষিত তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

উল্লেখ্য, এসব তারিখ কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত সম্ভাব্য সূচির ভিত্তিতে দেওয়া হয়েছে। বাংলাদেশে রমজান, ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবসের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ওপর নির্ভর করবে।

এনএনবাংলা/