নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আর মাত্র তিন দিন আগে রাজধানী তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও জবাবদিহির দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা অংশ নেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি সংগঠন এ বিক্ষোভের আয়োজন করে। গাজায় ধরে নিয়ে যাওয়া ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্যরা সংগঠনটি প্রতিষ্ঠা করেন।২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে সরকারের চরম ব্যর্থতার আনুষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতেই এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারা। আয়োজকদের দাবি, শনিবারের এই সমাবেশে এক লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন।
আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রথমবারের মতো ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে সাধারণ মানুষের এই গণবিক্ষোভ নেতানিয়াহু সরকারের ওপর নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।
সমাবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, “নির্বাচনের ঠিক তিন দিন আগে সত্য উদ্ঘাটন, জবাবদিহি দাবি এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের লক্ষ্যে আমাদের তিন বছর ধরে চলা সংগ্রামের চূড়ান্ত কর্মসূচিটি আজ আয়োজিত হচ্ছে।”
তেল আবিব ছাড়াও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে ইসরায়েলের আরও বেশ কয়েকটি স্থানে প্রতিবাদকারীরা জড়ো হন।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রধান চারটি বিরোধী দলের নেতারা বিক্ষোভে অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। জনমত জরিপে নেতানিয়াহুর সঙ্গে তার সমর্থনের ব্যবধান খুবই কম। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে রোববার সন্ধ্যায় তেল আবিবে পৃথক নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে আইজেনকোট ও বেনেটের।
এনএনবাংলা/এফএস
