সাম্প্রতিক
Skip to content

এই সংসদের মূল্য দুই আনাও নাই, ৫ বছর টিকবে কি না সন্দেহ :নাহিদ ইসলাম

শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে সংক্ষিপ্ত পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পরে যেই সংসদ নির্বাচন হয়েছে, যেই নতুন জাতীয় সংসদ গঠিত হয়েছিল, এই সংসদের মূল্য আর দুই আনাও নাই। এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে। কারণ এই জাতীয় সংসদে বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন নাই। জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নাই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি
পথসভায় নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন। তার দাবি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

একই সঙ্গে জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সংবিধান সংশোধন কমিটির নামে চলমান কার্যক্রমকে ‘নাটক’ ও ‘প্রহসন’ বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, এই প্রহসন বন্ধ করতে হবে। তার দাবি, জনগণ এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রশ্ন
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ এবং তাকে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণের যে প্রশাসক দেওয়া হয়েছে, অবৈধ প্রশাসক। সেই প্রশাসককেই বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হলো। এটা কোন ধরনের গণতন্ত্র? এ প্রশাসক কেন নির্বাচনে অংশগ্রহণ করবে?’

জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এনসিপির এই নেতা।

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/