সাম্প্রতিক
Skip to content

স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সৌজন্যে

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়েও কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানও কঠোর হবেন।

এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মীর শাহে আলম বলেন, বিএনপির প্রার্থীরা নির্বাচিত হলে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি জানান, দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা, কৃষকদের কৃষক কার্ড দেওয়া এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইবে বিএনপি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, দলটি ভোটের সময় বেহেশতের প্রলোভন দেখায় এবং পূজামণ্ডপে যায়, কিন্তু ভোটের মৌসুম শেষ হলে জনগণের খোঁজ রাখে না। লংমার্চের নামে তেল-গ্যাস নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের ভোটের প্রয়োজন ছিল না বলেই তারা মানুষের কাছে যেত না। কিন্তু বিএনপি জনগণের সমর্থন পেতে বারবার মানুষের কাছে যাবে, তাদের কথা শুনবে এবং পাশে থাকবে।

সমাবেশে মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামানসহ শিবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/