সাম্প্রতিক
Skip to content

কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’

ছবি: সংগৃহীত

কওমি ঘরানার সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলো নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোকেও এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত করে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছেন নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। এতে দলগুলোর ঐক্য প্রক্রিয়া, অভিন্ন ব্যানারে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নেতারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন। তবে এ জন্য নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে না। বরং ‘সমমনা ইসলামী দল’ নামটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করা হবে। এতে অংশ নেওয়া দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রেখেই যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

বৈঠকে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে বর্তমানে জোটবদ্ধ থাকা দলগুলোকেও বৃহত্তর এই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়ে একমত হন নেতারা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। ওই বৈঠকে ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আরও আলোচনা হতে পারে।

বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেন।

এনএনবাংলা/