অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।
রবিবার (০৪ অক্টোবর) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।”
তিনি বলেন, “তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, “জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমীন।”
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে প্রতিবাদ ও উচ্চবাক্যের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন।
বিমানবন্দরের মেজর আখতারের উচ্চবাক্য, তাকে গ্রেফতার এবং অবশেষে রিমান্ড মঞ্জুর ঘিরে দেশব্যাপী বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছে। এরই মধ্যে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তার দাবি, আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলে ভুক্তভোগীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন। এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বল সংশোধন করার পরিবর্তে গ্রেফতার তার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএনবাংলা/এফএস
