লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পাশাপাশি তার বহনকারী গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম রাত ৮টার দিকে বলেন, হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তিনি জানেন না। নাসীরুদ্দীন কখন এবং কেন লালন আখড়াবাড়িতে এসেছেন, সেটিও পুলিশ জানত না বলে জানান তিনি। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখানে আরও পুলিশ পাঠানো হচ্ছে।
হামলার ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ বলেন, নাসীরুদ্দীনসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে গিয়েছিলেন। বিকেলে তারা শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে যান। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তুলতে চাইলে তাকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।

এর পরপরই ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে উচ্চস্বরে গালাগালি শুরু করেন বলে দাবি করেন শোভন আহমেদ। তাদের একজন নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখানে কেন আসছিস।’ একপর্যায়ে তারা নাসীরুদ্দীনকে মারতে উদ্যত হলে নেতাকর্মীরা তাকে ঘিরে রক্ষা করার চেষ্টা করেন। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠি ছিল বলেও দাবি করেন তিনি। এ সময় কয়েকজন নেতা আহত হন।
শোভন আহমেদের ভাষ্য, দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা নাসীরুদ্দীনের গাড়িতে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতি বিশ্বাস করে না। এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
এনএনবাংলা/
