এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
রোববার বিকেলে নতুন দর ঘোষণা করে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সিলিন্ডার এবং অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রয়েছে। সরবরাহ সীমিত হওয়ায় সাধারণ ভোক্তাদের অধিকাংশই এ গ্যাস কিনতে পারেন না।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সংকটের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ রয়েছে। সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১২ আমদানিকারকের সেপ্টেম্বরের আমদানি ও বিক্রির তথ্যও চেয়েছে বিইআরসি।
চলতি বছরের সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। এক মাসের ব্যবধানে এবার তা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হলো।
এনএনবাংলা/
