নতুন বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় শনিবার প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার।
শুক্রবার রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, বিক্ষোভের শুরু থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সহিংসতা ও লুটপাটের উসকানি ছড়ানো হচ্ছে। উগ্র বামপন্থি গোষ্ঠীগুলো সহিংসতা ও লুটপাটে উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষা ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের জেরে গত সপ্তাহে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংস রূপ নেয়। প্যারিস, মার্সেই, লিওঁ ও লিমোজসহ বিভিন্ন শহরে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন শহরে প্রায় তিন হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়।
এনএনবাংলা/এফএস
