কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা

কক্সবাজারে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পর্যটন আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। প্রাণ বাঁচাতে হোটেল থেকে বেরিয়ে পাশের সমুদ্রসৈকতে আশ্রয় নেন সেখানে অবস্থানরত পর্যটকরা। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার খবরে হোটেলের ভেতরে আতঙ্ক তৈরি হলে পর্যটকেরা দ্রুত বেরিয়ে সৈকতের দিকে ছুটে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘দ্য সি প্রিসেন্স’ হোটেলের বাইরে পর্যটকরা। ছবি: সংগৃহীত
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার এক সপ্তাহের মাথায় শহরের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটন মৌসুমে হোটেল ও রিসোর্টে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সামনে এসেছে।
এনএনবাংলা/
