সাজেকের ঘটনার প্রতিবাদে দুই পার্বত্য জেলায় অবরোধের ঘোষণা

রাঙামাটির সাজেকে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনার মধ্যে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী শনিবার সকাল ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই জেলায় আধাবেলা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে বলা হয়, সাজেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। পাশাপাশি সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানাতেও অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ও কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমা অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যাম্বুলেন্স, রোগী ও লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
এর আগে বৃহস্পতিবার ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের’ ডাকা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন।
এনএনবাংলা/
