সাম্প্রতিক
Skip to content

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই নারীসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), নাসিমা বেগম (৫০) এবং তানিসা আক্তার (১৬)। তারা একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে দুজন চাকরিজীবী ও একজন শিক্ষার্থী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, দগ্ধ তিনজনেরই শ্বাসনালীসহ শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসাধীনদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসা আক্তারের শরীরের ৮৬ শতাংশ এবং নাসিমা বেগমের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর জখম হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও জরুরি বিভাগের বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কোনোভাবে বাসার লাইনের বা সিলিন্ডারের গ্যাস লিক হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। ভোরে রান্নার জন্য কিংবা অন্য কোনো কারণে ম্যাচ অথবা বৈদ্যুতিক সুইচ অন করার সাথে সাথে ঘরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, দগ্ধদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। ঠিক কীভাবে গ্যাস লিকেজের সূত্রপাত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এনএনবাংলা/ইএস