রংপুরে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরে অভিযান চালিয়ে ২৬ মামলার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন গ্রেপ্তার করেছে এস আরবি -১৩। সোমবার (১৯ অক্টোবর) এসআরবি-১৩ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসআরবি-১৩ সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মলনে জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে এবং ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকেও তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর ও ঠাকুরগাঁওয়ে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় এসআরবি।
এসআরবির দাবি, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে অপরাধ কর্মকান্ডে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণ করে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন শেষে আসামিকে রংপুর মেডিকেলে নিয়ে ফার্স্ট এইড শেষে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এনএনবাংলা/
